
সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া গ্রামে বজ্রপাতে খুশি (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঝড়ো হাওয়া শুরু হলে বাড়ির পাশের একটি আম গাছের নিচে আম কুড়াতে যান খুশি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত খুশি বহলবাড়িয়া গ্রামের ইকরাম ডেকোরেটরের স্ত্রী। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বাদ আসর গ্রামের কবরস্থানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে তাকে দাফন করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বজ্রপাতে ওই নারীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
