
পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর তাৎক্ষণিক হস্তক্ষেপে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভাঙ্গুড়া উপজেলার পুরাতন ডাকবাংলোর দখলকৃত সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। সরকারি সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ভাঙ্গুড়া পুরাতন ডাকবাংলো এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। অভিযানের মাধ্যমে দখলকৃত জায়গা পুনরুদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার রাতের আঁধারে পৌরসভার শরৎনগর বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা ডাকবাংলোর সরকারি জায়গা দখল করে সেখানে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি জানাজানি হলে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু তাৎক্ষণিকভাবে জেলা পরিষদ থেকে লোক পাঠানোর পাশাপাশি ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু বলেন, অতীতেও জেলা পরিষদের এই ডাকবাংলোর জায়গা বিভিন্ন সময়ে জবরদখলের শিকার হয়েছে এবং সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশু সরকারি এই মূল্যবান সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, দখল হওয়া জায়গাটি উচ্ছেদ করে পুনরুদ্ধার করা হয়েছে। অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকাও নেওয়া হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, দ্রুত প্রশাসনিক উদ্যোগের ফলে সরকারি সম্পত্তি রক্ষা পেয়েছে এবং ভবিষ্যতে অবৈধ দখলচেষ্টার বিরুদ্ধে এটি একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করবে।
