
পাবনার সাঁথিয়া উপজেলায় গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে।
‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।
উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুণ্ডু।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করা সম্ভব হবে। একই সঙ্গে জনগণের চাহিদা ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বিবেচনায় সড়কের অগ্রাধিকার নির্ধারণ সহজ হবে।
অনুষ্ঠানে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তথ্যভিত্তিক সড়ক নেটওয়ার্ক পরিকল্পনা এবং জিআইএস প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
