
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনা পৌরসভার উদ্যোগে শনিবার (২৭ জুন) ব্যাপক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে শহরের মক্তব মোড় সংলগ্ন ড্রেন ও রাস্তার পাশের আগাছা পরিষ্কার করা হয়। একই সঙ্গে “নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যানার, ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেন পাবনা পৌরসভার প্রশাসক মো. খায়রুল ইসলাম।পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক -জহুরুল ইসলাম । এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পৌর প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই নয়, নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন হওয়ার বিকল্প নেই। এই লক্ষ্যেই জনসম্পৃক্ততা বাড়াতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে।
