
রাজশাহী, ১৯ জানুয়ারি ২০২৬।
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার প্রতিবাদে রাকসু সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্যারিস রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহীসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ক্যাম্পাসে বারবার অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছেন, যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা দাবি করেন, সালাহউদ্দিন আম্মার মানসিকভাবে অসুস্থ এবং নার্সাসিস্ট আচরণে আক্রান্ত। এ কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার মানসিক চিকিৎসার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সালাহউদ্দিন আম্মারের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ না করা হলে ছাত্রদলের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন ও প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল উপাচার্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করে।
উল্লেখ্য, এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে টাঙানো একটি ব্যানার রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ উঠে। ওই ঘটনাকে কেন্দ্র করেই ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
