
আওয়ামী লীগের রাজনৈতিক শূন্যস্থান পূরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। গত সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টার সময় রংপুর নগরীর মডার্ন মোড়ে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। দমন-পীড়ন, গুম-খুন, দুর্নীতি ও ভোটাধিকার হরণের কারণে জনগণের সঙ্গে তাদের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ জনগণ তাদের আর বিশ্বাস করে না।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল যখন জনগণের প্রতিনিধিত্ব হারায়, তখন সেখানে শূন্যতা তৈরি হয়। দেশের মানুষ এখন উন্নয়নের মিথ্যা গল্প শুনতে চায় না। তারা চায় ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং জবাবদিহিমূলক সরকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। আমরা চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। জামায়াতে ইসলামী সবসময় গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন,ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে কোনো একক দলের পক্ষে সফলতা সম্ভব নয়। গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে কাজ করতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকে নৈতিক ও কল্যাণমূলক রাজনীতির মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।
রংপুর-৩ আসনের ভোটারদের উদ্দেশে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, আপনারা আমাকে সুযোগ দিলে আমি এলাকার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করবো। রংপুর-৩ আসনকে একটি আদর্শ, মডেল সংসদীয় আসনে পরিণত করাই আমার লক্ষ্য।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি, জামায়াতে ইসলামী রংপুর মহানগর কে এম আনোয়ারুল হক কাজল, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর এডভোকেট কাওসার আলী, সেক্রেটারি রংপুর মহানগরী যুব বিভাগ ফরহাদ হোসেন মন্ডল, আমীর কোতোয়ালি থানা মাওলানা গোলাম কিবরিয়া। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা রবিউল ইসলাম, আমীর, তাজহাট থানা।
