
রাঙামাটির কাপ্তাই উপজেলার আফসারের টিলা জামে মসজিদ ও তা’লিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় মাদ্রাসা প্রাঙ্গণে সামাজিক সংগঠন কিং ক্লাব-এর সহযোগিতায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুশীলন ও ভালো কাজের জন্য উৎসাহ দিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
এর মধ্যে মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আয়াতুল ইসলাম রিহাম বিশেষভাবে সবার দৃষ্টি আকর্ষণ করে। মাত্র ৮ বছর বয়সে সে পবিত্র রমজান মাস-এ পূর্ণ ৩০টি রোজা পালন, নিয়মিত তারাবির নামাজ আদায় এবং শাওয়াল মাস-এ ৬টি রোজা রাখায় তাকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা তার এমন ধর্মীয় অনুশীলনের প্রশংসা করেন এবং তাকে অভিনন্দন জানান।
আফসারের টিলা জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ ও মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক হাফেজ মাওলানা আলমগীর আশরাফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আমির হোসাইন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সমাজসেবক মোঃ ইউনুস কোম্পানিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মোঃ লোকমান আহমেদ বলেন, “এই মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলছে, যা সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত। বিশেষ করে এত অল্প বয়সে রিহামের ৩০টি রোজা পালন, নিয়মিত তারাবি আদায় এবং শাওয়ালের ৬টি রোজা রাখা সত্যিই প্রশংসনীয়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা আলমগীর আশরাফ বলেন, “আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি যেন এই শিশু শিক্ষার্থীদের আমল কবুল করেন এবং তারা ভবিষ্যতে দ্বীনের
খেদমতে নিজেদের নিয়োজিত রাখতে পারে।”
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাবুদ্দিন বলেন, রিহামের মতো শিশুরা ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য আলোকবর্তিকা হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আমির হোসাইন বলেন, “এই শিশু শিক্ষার্থী ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমরা আশা করি এবং তার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”
মসজিদের ইমাম ও মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, “রিহাম অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী একজন শিক্ষার্থী। আমরা আশা করি সে সামনে আরও ভালো কিছু করবে। তার জন্য সকলের কাছে দোয়া চাই।”
অনুষ্ঠানে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
