
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পাবনা জেলা সংসদের আয়োজনে পাবনা শহরের হামিদ রোডে, সোনালী ব্যাংক এর সামনে অনুষ্ঠিত হয়েছে গণসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা। শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে লাল পোশাকে সজ্জিত শিল্পীদের পরিবেশনায় মে দিবসের চেতনা হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী পাবনা জেলা সংসদের সভাপতি কাজী মারুফা, সাধারণ সম্পাদক দিবাকর চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ রাজদীশ ভট্টাচার্য্য। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পী রাকিবুল ইসলাম জীবন, সেঁজুতি চক্রবর্তী ও মীর কাদিম সহ অনেকে । তাঁদের কণ্ঠে গণসংগীত ও প্রেরণাদায়ী সুরে মে দিবসের ইতিহাস, শ্রমিক শ্রেণির আত্মত্যাগ এবং অধিকার আদায়ের সংগ্রামের বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা বলেন, মে দিবস কেবল একটি স্মরণীয় দিন নয়; এটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। এমন আয়োজনের মাধ্যমে সমাজে সাম্য, মানবিকতা ও সংস্কৃতিচর্চার বার্তা আরও বিস্তৃত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন
কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ রাকিবুল ইসলাম জীবন, দেবজ্যোতি চক্রবর্তী , সেঁজুতি চক্রবর্তী, নূরুল ইসলাম, তবলায় বাবলু ও মীর কাদিমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
