
দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রেমিট্যান্স যোদ্ধা সংসদ’ (দেশ বন্ধু দেশ প্রেমিক) পরিবারের পক্ষ থেকে সকল প্রবাসী ভাই-বোনদের প্রতি এক বিশেষ বার্তা ও সংহতি প্রকাশ করা হয়েছে। সংগঠনের অন্যতম অগ্রজ ও সহ-যোদ্ধা এম এ রউফ এক আবেগঘন ও চিন্তাশীল লেখার মাধ্যমে এই বার্তা প্রদান করেন।
সংবাদের পাঠকদের জন্য এম এ রউফ-এর সেই বিশেষ বার্তাটি হুবহু তুলে ধরা হলো:
“পৃথিবীতে মানুষের নিজের বলতে কিছুই নেই, যেমন আমারও কিছুই নেই। পুরো পৃথিবীটাই এক ক্ষণস্থায়ী বা অস্থায়ী জায়গা যেখানে আমরা বসবাস করি। কর্ম ও মোহের টানে আমরা জীবনের সবটুকু সময় দিয়ে দুনিয়াতে ঘরবাড়ি, সম্পদ ইত্যাদি তৈরি করে থাকি। কিন্তু আসলে আমরা এই সম্পদের প্রকৃত মালিক নই। পরম সত্যের উপলব্ধি এটাই যে—শেষ পর্যন্ত এই অস্থায়ী পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে এবং আসল মালিকের (সৃষ্টিকর্তা) হুকুম মানতে হবে।”
বার্তার শেষাংশে তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি গভীর ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনারা যে যেখানেই আছেন, ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং শান্তিতে বসবাস করুন—সৃষ্টিকর্তার দরবারে সবসময় এই দোয়াই কামনা করছি।”
সংগঠনের সদস্যরা জানিয়েছেন, প্রবাসীদের এই আত্মত্যাগ ও জীবনবোধের কথা স্মরণ করিয়ে দিয়ে তারা আগামীতেও প্রবাসীদের কল্যাণ ও অধিকার রক্ষায় একযোগে কাজ করে যাবেন।
