
গৌরবের ৬৬ বছরে পাবনা প্রেস ক্লাব: তিন দিনের বর্ণাঢ্য উৎসব শুরু ১ মে
রাউজ আলী,পাবনা প্রতিনিধি
গৌরব ও ঐতিহ্যের ৬৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সংবাদকর্মী সংগঠন পাবনা প্রেস ক্লাব। এই দীর্ঘ পথচলার স্মরণীয় মাহেন্দ্রক্ষণকে উদযাপন করতে আগামী ১ মে থেকে ৩ মে পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।
পাবনা প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, আগামী ১ মে শুক্রবার সকাল ১০টায় কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই উদ্বোধনী পর্বে স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত থাকবেন।
আয়োজনকে ঘিরে সাজানো হয়েছে নানা অনুষ্ঠান। কর্মসূচির দ্বিতীয় দিন ২ মে শনিবার সকাল ১০টায় পাবনা প্রেস ক্লাব চত্বর থেকে বের করা হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ওই দিন বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে প্রীতি সম্মেলন। একই দিন সন্ধ্যা পৌনে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সঙ্গীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকা সাদিয়া সুলতানা লিজা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মুহিন খানসহ বিশিষ্ট শিল্পীবৃন্দ। সমাপনী দিন ৩ মে রবিবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে সদস্যদের পরিবারের মিলনমেলা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার।
আমন্ত্রিত অতিথিদের তালিকায় আরও রয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) মো. সায়েদ বিন আবদুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।
পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, ১৯৬১ সাল থেকে যাত্রা শুরু করা এই ক্লাবটি আজ জেলার সাংবাদিকতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে এই আনন্দ উৎসবে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
